ঝালকাঠিতে জেলেদের নিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণবিষয়ক সভা
ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলেদের নিয়ে আজ মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস।
সভা সঞ্চালনা করেন ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
সভায় জেলেদের জীবিকা, মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
এ সময় জেলেদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।
উল্লেখ্য, ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে নিয়ে ১৬ থেকে ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।