বড় লিডের পথে জিম্বাবুয়ে

প্রকাশঃ Jun 29, 2026 - 22:34
বড় লিডের পথে জিম্বাবুয়ে

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হাতে নিয়ে ২১০ রানে এগিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৪০ রানের জবাবে ৫ উইকেটে ৩৫০ রান তুলেছে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া ১৪০ রানে আউট হন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। দিন শেষে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩৬ রান করেছিল জিম্বাবুয়ে। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন ১৭ রানেই বাংলাদেশ পেসার খালেদ আহমেদের বলে আউট হন টেইলর।  দলীয় ১৪৩ রানে টেইলর ফেরার পর ক্রিজে আসেন ব্রায়ান বেনেট। তৃতীয় উইকেটে কাইয়ার সাথে ১০৭ রান যোগ করেন বেনেট। ব্যক্তিগত ৫৯ রানে বাংলাদেশ স্পিনার তাইজুলের বলে আউট হন বেনেট।  বেনেটের সাথে জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন কাইয়া। তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে ১৪০ রানে আউট হন কাইয়া। ২২৭ বল খেলে ১৭টি চার মারেন তিনি। 

জিম্বাবুয়ের উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা ১ রানে রান আউট হবার পর ষষ্ঠ উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধভেরে। আরভিন ৪৯ ও মাধভেরে ৩৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের খালেদ ও তাইজুল ২টি করে উইকেট নেন।