চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।
গতরাতে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ২ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল শ্রীলংকা। ক্যারিবীয়দের কাছে হেরে ৩ ম্যাচে ৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে লংকানরা।
গেল মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার-ড্রতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট ছিল টাইগারদের। শ্রীলংকার চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ।
বাংলাদেশের এক ধাপ উন্নতি হওয়ায়, ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে ভারত। ৯ ম্যাচে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট আছে ভারতের।
এই চক্রে সবার উপরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট আছে অসিদের।
৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টি করে হার ও ড্র করেছে কিউইরা।
১২ ম্যাচে ২৬ দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড।
শ্রীলংকার বিপক্ষে জয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ৯ ম্যাচে ১৪ দশমিক ৮১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ক্যারিবীয়রা।
৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও শেষ দল এখন পাকিস্তান।