জিম্বাবুয়ে বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের
চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস-বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরেছেন মিডল-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদ। খেলোয়াড়দের উপর কাজের চাপ কমানোর লক্ষ্যে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। দলে ফিরেছেন ইনজুরির কারনে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা পেসার হাসান মাহমুদ। পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়ার পর ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেটে ভালো পারফর্ম করে আবারও দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
মিরাজকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশের স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে হাসান ও খালেদের সাথে থাকছেন এবাদত হোসেন এবং নতুন মুখ রবিউল। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ব্যাটিং ইউনিটে কোন পরিবর্তন করা হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ব্যাটিং বিভাগে আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।
জিম্বাবুয়ে সফরে টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। ২৮ জুন থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে একমাত্র টেস্ট। ৬ জুলাই থেকে ওয়ানডে ও ১৫ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।