দুর্গাপুরকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নিয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন

প্রকাশঃ Jun 11, 2026 - 22:46
দুর্গাপুরকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নিয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন

জেলার দুর্গাপুর উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় আজ দুর্গাপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘নেত্রকোণা জেলার মধ্যে দুর্গাপুর একটি অপার সম্ভাবনাময় উপজেলা। প্রতিটি দপ্তরের কর্মকর্তা নিজে সৎ থেকে যদি নিষ্ঠার সঙ্গে সব কাজ বাস্তবায়ন করেন, তাহলে খুব দ্রুত উপজেলার উন্নয়ন নিশ্চিত হবে। মনে রাখবেন, আমরা সরকারের চাকর। আমাদের ব্যবহারে সেবা নিতে আসা কোনো মানুষ যেন কষ্ট না পায়।’

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন জেলা প্রশাসক।

আলোচনা শেষে জেলা প্রশাসক হতদরিদ্রদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, বণিক সমিতির সভাপতি রনজিৎ সেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারি, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজিম সাইন এবং প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব প্রমুখ।