দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
জেলার বীরগঞ্জ উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ৮০টি পরিবারকে দু’টি করে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। আজ (সোমবার) সকাল ১০টায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে দেশের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রান্তিক এই জনগোষ্ঠীর কাছে উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় দেওয়া ছাগল পালন করে আগামী দিনে তাদের জীবনমান উন্নত হবে। এভাবেই গ্রামীণ জনপদের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী ৮০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।