চৌদ্দগ্রামে বিকল ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু

প্রকাশঃ Jun 7, 2026 - 19:57
চৌদ্দগ্রামে বিকল ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু

জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিকল ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। নিহত কাজী জাফর (৩৫) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের পুত্র। আজ সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে আঘাত হানে। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচলে কিছুটা বিঘœ ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।