হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

প্রকাশঃ Jun 7, 2026 - 21:06
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শনিবার রাতে এ তথ্য জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, ‘মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’

সেন্টকম আরও বলেছে, ‘ইরানের যেকোনো আগ্রাসী পদক্ষেপ মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিরক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবে।’ শুক্রবার গভীর রাতে সেন্টকম আরও জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের চারটি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি সাম্প্রতিক এই হামলার মধ্যেই শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের বন্ধের উপায় নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখলেও উভয় পক্ষের মধ্যে এ ধরনের হামলা চলছে।