খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশঃ Jun 11, 2026 - 22:44
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুনের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভর আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সাফল্য, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। 

এ সময় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, শিক্ষার মানোন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভাগীয় কমিশনার এসময় সরকারি কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জেলার উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সাতক্ষীরা জেলার সার্বিক অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদি হাসান, পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষাসহ জেলার সকল দপ্তরের প্রধানরা।

এরপর দুপুর দুই টায় বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় ‘মজুমদার খাল’ খনন কাজ পরিদর্শন করেন এবং বিকাল ৩ টায় ডিসি ইকো পার্ক আধুনিকায়ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।