নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত আইইউবি শিক্ষার্থী সামির দাফন সম্পন্ন

প্রকাশঃ Jun 7, 2026 - 20:37
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত আইইউবি শিক্ষার্থী সামির দাফন সম্পন্ন

জেলা শহরের বাইপাস সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নেত্রকোণা বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত সামি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষার্থী ছিলেন। তিনি নেত্রকোণা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা  ইসলাম উদ্দিন খান  চঞ্চলের পুত্র এবং নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেত্রকোণা জেলা ইউনিটের একজন সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে শহরের বাইপাস সড়ক দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি। পথিমধ্যে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনি দ্রুতগতির গাড়ি থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ‘মধ্যরাতে বাইপাস সড়ক দিয়ে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।’ তিনি আরও জানান, দুর্ঘটনার পর সুরতহাল প্রতিবেদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধাবী ও পরিচিত এই তরুণের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং নেত্রকোণা শহরের সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।