সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
জেলার সদর উপজেলায় গতকাল সোমবার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) দুপুরে আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটতে যান জমির উদ্দিন। এসময় বজ্রপাতে আহত হন।
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈঠাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় দু’জন মারা গেছেন। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন।