হাম-রুবেলা টিকাদান বিষয়ে রাজশাহীতে সমন্বয় সভা
জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে আজ এক সমন্বয় সভা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে সোমবার বেলা ১১ টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা খাতকে অনেক গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবার সিটি কর্পোরেশনের অনেক সুনাম রয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
মাহফুজুর রহমান বলেন, অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কার্যক্রম বেগবান করতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারবো বলে বিশ্বাস করি।
সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম; রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাহিদা; সিভিল সার্জন ডা. মো. রাজিউর রহমান; বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. কামরুজ্জামান; রাসিকের সচিব মো. সোহেল রানা; পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক কস্তরি আমিনা কুইন; রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের প্রতিনিধি; রাসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন; প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম এবং ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান।